প্রিন্ট এর তারিখঃ Mar 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 10, 2025 ইং
আজ বিকেলেই রেকর্ড হবে সিইসির ভাষণ, তফসিল ঘোষণার সময় এখনো অনিশ্চিত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের ভাষণ আজ বুধবার বিকেল চারটায় রেকর্ড করা হবে। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তবে তিনি নির্বাচনের তফসিল ঘোষণার সময় সম্পর্কে কিছু জানাননি।
ইসি সচিব বলেন, ভাষণ রেকর্ডের আগে নির্বাচন কমিশন একটি বৈঠক করবে এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্ধান্ত হাতে পেলেই তা সাংবাদিকদের জানানো হবে।
সাধারণত বিটিভি ও বেতারে জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে এবং উভয়ের তফসিল একই সঙ্গে ঘোষণা করা হবে।
আজ দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। ইসি সচিব জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে এবং তিনি এতে সন্তোষ প্রকাশ করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Jashore Now